Hasan Rasif Safkat
Director of Programme, Genesis Foundation
তিন দশকেরও বেশি সময় ধরে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে নানা চুক্তি, অর্থায়ন কাঠামো ও জবাবদিহির ব্যবস্থা গড়ে উঠেছে। কিন্তু বিশ্ব এখনো ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের পথে নেই। তুরস্কের আনতালিয়ায় চলমান COP31-এর শেষ পর্যায়ে এসে তাই প্রশ্ন উঠছে, এতগুলো সম্মেলনের প্রকৃত অর্জন কী?
২০২৬ সালের ১৬ নভেম্বর। তুরস্কের আনতালিয়া এক্সপো সেন্টারে COP31-এর সিদ্ধান্তের প্রথম খসড়াটি প্রতিনিধিরা হাতে পান। সেখানে জীবাশ্ম জ্বালানির ব্যবহার দ্রুত কমিয়ে পর্যায়ক্রমে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।
একত্রিশ বছর আগে, ১৯৯৫ সালের এপ্রিলে, জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হয়েছিল প্রথম জলবায়ু সম্মেলন বা COP1। সেই সম্মেলনে গৃহীত বার্লিন ম্যান্ডেটে শিল্পোন্নত দেশগুলোকে প্রথমে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছিল।
এই দুই সময়ের মাঝখানে পেরিয়ে গেছে ৩১টি সম্মেলন। অংশ নিয়েছে বিশ্বের প্রায় ২০০টি দেশের প্রতিনিধি। তৈরি হয়েছে অসংখ্য চুক্তি, প্রতিশ্রুতি ও অর্থায়নের ব্যবস্থা। অথচ বৈশ্বিক উষ্ণায়ন এখনো ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্যমাত্রা অতিক্রমের ঝুঁকিতে রয়েছে। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কাঠামো সনদের (UNFCCC) তথ্য ও মূল্যায়ন আমাদের সেই বাস্তবতার কথাই মনে করিয়ে দেয়।
তাই প্রশ্নটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই: একের পর এক জলবায়ু সম্মেলন আয়োজন করে বিশ্ব আসলে কতটা এগিয়েছে?
COP-এর কাজ কী?
এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আগে বুঝতে হবে, জলবায়ু সম্মেলনগুলো আসলে কী উদ্দেশ্যে তৈরি হয়েছিল।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কাঠামো সনদের সদস্য ১৯৮টি পক্ষ। এর মধ্যে ১৯৭টি রাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন রয়েছে। এই সনদের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা হলো কনফারেন্স অব দ্য পার্টিজ বা COP।
এর পাশাপাশি রয়েছে দুটি পৃথক চুক্তিভিত্তিক প্রক্রিয়া। ১৯৯৭ সালের কিয়োটো প্রটোকল বাস্তবায়ন তদারকি করে CMP এবং ২০১৫ সালের প্যারিস চুক্তি বাস্তবায়ন তদারকি করে CMA।
কিয়োটো প্রটোকলে মূলত ওপর থেকে নির্ধারিত লক্ষ্যমাত্রার ব্যবস্থা ছিল। অর্থাৎ শিল্পোন্নত দেশগুলোর ওপর আইনগতভাবে বাধ্যতামূলক নিঃসরণ কমানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। অন্যদিকে প্যারিস চুক্তি ভিন্ন পথে এগিয়েছে। এখানে প্রতিটি দেশ নিজ নিজ জাতীয় পরিস্থিতি অনুযায়ী নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি দেয়। এই প্রতিশ্রুতিকেই বলা হয় ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন বা NDC।
COP-এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এখানে সাধারণত ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়, সংখ্যাগরিষ্ঠ ভোটে নয়। এর সুবিধা আছে। বিশ্বের প্রায় সব দেশকে সঙ্গে নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। ফলে সেই সিদ্ধান্তের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাও বাড়ে।
কিন্তু এর দুর্বলতাও কম নয়। কোনো কোনো দেশ আপত্তি তুললে সিদ্ধান্তের ভাষা ও উচ্চাকাঙ্ক্ষা অনেক সময় দুর্বল হয়ে পড়ে। বিশেষ করে জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশগুলোর অনীহা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে সীমিত করে রেখেছে।
তিন দশকের সম্মেলন: কোনগুলো সত্যিই গুরুত্বপূর্ণ ছিল?
একত্রিশটি সম্মেলনের সবগুলো ইতিহাস বদলে দেয়নি। বরং কয়েকটি সম্মেলন জলবায়ু আলোচনার গতিপথ নির্ধারণ করেছে।
প্রথম পর্যায়, অর্থাৎ COP1 থেকে COP10, ছিল ভিত্তি তৈরির সময়। ১৯৯৫ সালের জার্মানির বার্লিনে অনুষ্ঠিত সম্মেলনে বলা হয় যে জলবায়ু সংকট মোকাবিলায় শিল্পোন্নত দেশগুলোকেই আগে দায়িত্ব নিতে হবে। ১৯৯৭ সালের কিয়োটো সম্মেলনে শিল্পোন্নত Annex-I দেশগুলোর জন্য গড়ে ৫ দশমিক ২ শতাংশ নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। ২০০১ সালের মরক্কোর মারাকেছ শহরে অনুষ্ঠিত কপ সম্মেলনে কিয়োটো প্রটোকল বাস্তবায়নের প্রয়োজনীয় নিয়মকানুন তৈরি করে।
এই সময়ের বাকি সম্মেলনগুলোর অনেকগুলোই মূলত কারিগরি ও প্রশাসনিক বিষয় নিয়ে কাজ করেছে। দ্বিতীয় পর্যায়, COP11 থেকে COP21, ছিল একটি সর্বজনীন জলবায়ু চুক্তি তৈরির সময়।
২০০৭ সালের কপ সম্মলনে গৃহীত হয় “বালি একশন প্ল্যান” যা ছিল মূলত একটি রোডম্যাপ। এটিই পরবর্তীতে কপ সম্মেলনগুলোয় নতুন আলোচনার পথ তৈরি করে। ২০০৯ সালের কোপেনহেগেন সম্মেলনে উন্নত দেশগুলো ২০২০ সালের মধ্যে বছরে ১০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি দেয়। তবে সেই সম্মেলনে কোনো পূর্ণাঙ্গ আইনগত চুক্তি হয়নি।
২০১০ সালের কানকুন সম্মেলনে এই অর্থায়নের প্রতিশ্রুতি আনুষ্ঠানিক রূপ পায় এবং গঠিত হয় গ্রিন ক্লাইমেট ফান্ড (GCF)। ২০১১ সালের ডারবান সম্মেলনে সব দেশের অংশগ্রহণে একটি নতুন চুক্তি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৩ সালের ওয়ারশ সম্মেলনে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে ওঠে। ২০১৪ সালের লিমা সম্মেলনে দেশগুলোর জাতীয় জলবায়ু প্রতিশ্রুতির কাঠামো নির্ধারিত হয়।
এই ধারাবাহিকতার পরিণতি ছিল ২০১৫ সালের প্যারিস চুক্তি। সেখানে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি শিল্পায়ন-পূর্ব সময়ের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের অনেক নিচে রাখা এবং তা ১ দশমিক ৫ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখার প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। পাশাপাশি প্রতি পাঁচ বছর অন্তর দেশগুলোকে নিজেদের জলবায়ু প্রতিশ্রুতি হালনাগাদ করার ব্যবস্থা করা হয়।
তৃতীয় পর্যায় হলো COP22 থেকে COP31 যা মূলত বাস্তবায়ন ও অর্থায়নের দিকে মনোযোগ দিয়েছে।
২০১৮ সালের পোলান্ড এর কাতোভিতস শহরে প্যারিস চুক্তির বাস্তবায়নবিষয়ক নিয়মকানুন চূড়ান্ত হয়। ২০২১ সালের গ্লাসগো সম্মেলনে কার্বন বাজারবিষয়ক প্যারিস চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদের নিয়ম নির্ধারিত হয়। একই সম্মেলনের সিদ্ধান্তে প্রথমবারের মতো অপ্রশমিত কয়লার ব্যবহার কমিয়ে আনার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়।
২০২২ সালের শার্ম আল-শেখ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষয়ক্ষতি মোকাবিলায় একটি তহবিল গঠনের সিদ্ধান্ত হয়। ২০২৩ সালের দুবাই সম্মেলনে সেই তহবিল কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়। একই সম্মেলনে জীবাশ্ম জ্বালানি থেকে ধীরে ধীরে সরে আসার আহ্বান জানানো হয়।
২০২৪ সালের বাকু সম্মেলনে ২০৩৫ সালের মধ্যে বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের একটি মূল লক্ষ্য নির্ধারিত হয়। বৃহত্তর লক্ষ্য হিসেবে বছরে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার অর্থায়নের কথাও বলা হয়। ২০২৫ সালের বেলেম সম্মেলনে অভিযোজন খাতে অর্থায়ন তিন গুণ করার আকাঙ্ক্ষা তুলে ধরা হয়। পাশাপাশি বেলেম মেকানিজম এবং বাকু থেকে বেলেম রোডম্যাপ সামনে আসে।
অর্জনের হিসাব: কোথায় সাফল্য, কোথায় ব্যর্থতা?
COP-এর প্রকৃত অবদান বুঝতে হলে তিনটি আলাদা বিষয় বিবেচনা করা প্রয়োজন।
প্রথমত, এমন কিছু অর্জন রয়েছে, যেগুলো বাস্তবায়িত হয়েছে এবং হচ্ছে।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কাঠামো সনদের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত ১৯৪টি পক্ষ প্যারিস চুক্তি অনুমোদন করেছে। যুক্তরাষ্ট্র অনুমোদন না করলেও কিয়োটো প্রটোকল আইনগতভাবে কার্যকর হয়েছিল।
গ্রিন ক্লাইমেট ফান্ড এখন কার্যকরভাবে বিভিন্ন প্রকল্পে অর্থায়ন করছে। একই সঙ্গে প্যারিস চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদের আওতায় এক দেশ থেকে অন্য দেশে কার্বন নিঃসরণ কমানোর অর্জন হস্তান্তরের ব্যবস্থাও চালু হয়েছে। পেরু ও সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়ার বিভিন্ন অংশীদার এবং সিঙ্গাপুর ও কলম্বিয়ার মতো দেশের মধ্যে এ ধরনের কার্যক্রমের উদাহরণ রয়েছে।
জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিলেও অর্থ জমা হচ্ছে। COP31-এর উদ্বোধনী সপ্তাহে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জানান, প্রতিশ্রুত ৮২২ মিলিয়ন ডলারের মধ্যে প্রায় ৬০০ মিলিয়ন ডলার পাওয়া গেছে।
দ্বিতীয়ত, কিছু লক্ষ্য নির্ধারিত হলেও সেগুলো অর্জনের ক্ষেত্রে বিশ্ব এখনো অনেক পিছিয়ে।
২০২৩ সালের প্রথম বৈশ্বিক অগ্রগতি পর্যালোচনায় বা Global Stocktake-এ স্পষ্ট হয়েছে যে দেশগুলোর সম্মিলিত জলবায়ু প্রতিশ্রুতি বিশ্বকে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্যমাত্রার পথে রাখতে যথেষ্ট নয়। অন্যদিকে, বছরে ১০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতিও সময়মতো পূরণ হয়নি। OECD-এর হিসাবে, এই লক্ষ্য পূরণ হয়েছে ২০২২ সালে, নির্ধারিত সময়ের দুই বছর পর। উন্নয়নশীল দেশগুলোর প্রকৃত প্রয়োজনের তুলনায় এই অর্থও যথেষ্ট নয়।
তৃতীয়ত, কিছু প্রতিশ্রুতি এখনো কাগজের মধ্যেই সীমাবদ্ধ।
দুবাই সম্মেলনে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার যে আহ্বান জানানো হয়েছিল, তার সঙ্গে কোনো বাধ্যতামূলক সময়সীমা বা অমান্য করলে শাস্তির ব্যবস্থা যুক্ত হয়নি। একইভাবে বাকুতে নির্ধারিত বছরে ৩০০ বিলিয়ন ডলার অর্থায়নের লক্ষ্যের ক্ষেত্রেও কোন দেশ কত টাকা দেবে, তা এখনো স্পষ্ট নয়। অর্থ ছাড়ের বিস্তারিত সময়সূচিও অনুপস্থিত।
তাই একত্রিশটি সম্মেলনের পর বাস্তবতা হলো, জলবায়ু অর্থায়ন, প্রাতিষ্ঠানিক কাঠামো ও তথ্য প্রকাশের নিয়ম তৈরিতে COP উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। কিন্তু বৈশ্বিক কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে সেই সাফল্য এখনো দৃশ্যমান নয়।
আনতালিয়ায় কী ঘটছে?
COP31-এর আনতালিয়া সম্মেলনে এই সাফল্য ও সীমাবদ্ধতার দ্বন্দ্ব আবারও সামনে এসেছে।
এবার সম্মেলনে রয়েছে একটি ব্যতিক্রমী যৌথ নেতৃত্বের ব্যবস্থা। তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম COP- এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, আর অস্ট্রেলিয়ার জলবায়ু ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন আনুষ্ঠানিক আলোচনার নেতৃত্ব দিচ্ছেন।
১৬ নভেম্বর প্রকাশিত সিদ্ধান্তের প্রথম খসড়ায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার বিষয়ে আরও শক্তিশালী ভাষা রাখার প্রস্তাব এসেছে। জ্বালানি খাতে দ্রুত পরিবর্তনের কথাও বলা হয়েছে।
কিন্তু একই সময়ে তুরস্কের ৩৫ বাই ৩৫ বিদ্যুতায়ন প্রতিশ্রুতি সামনে এসেছে। এতে পরিচ্ছন্ন জ্বালানির কথা বলা হলেও নবায়নযোগ্য জ্বালানিকে বাধ্যতামূলক করা হয়নি।
অন্যদিকে, ১৮ নভেম্বর দ্বিতীয় বৈশ্বিক অগ্রগতি পর্যালোচনা বা GST2-এর আনুষ্ঠানিক সূচনা হওয়ার কথা। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি তহবিলের প্রথম অর্থ ছাড়ের বাস্তব পরীক্ষাও শুরু হচ্ছে। নেপালের আগস্টের বন্যা মোকাবিলায় ২০ মিলিয়ন ডলার বরাদ্দের বিষয়টি সেই পরীক্ষার গুরুত্বপূর্ণ অংশ।
এর পাশাপাশি কার্বন বাজারের নিয়মকানুন এগিয়ে নেওয়া এবং জীবাশ্ম জ্বালানির সঙ্গে সংশ্লিষ্ট লবিংয়ের বিরুদ্ধে নাগরিক সমাজের প্রতিবাদও সম্মেলনকে আলোচনার কেন্দ্রে রেখেছে।
COP-এর ভবিষ্যৎ কোন পথে?
আনতালিয়া সম্মেলনের পর আগামী ১২ থেকে ২৪ মাসে COP-এর ভবিষ্যৎ তিনটি সম্ভাব্য পথে এগোতে পারে।
প্রথম সম্ভাবনা, COP একটি বাস্তবায়ননির্ভর প্রাতিষ্ঠানিক কাঠামোয় পরিণত হবে। এ ক্ষেত্রে সম্মেলনগুলো ধীরে ধীরে কারিগরি বিষয়, অর্থায়নের নিয়ম এবং প্রকল্প বাস্তবায়নের দিকে বেশি মনোযোগ দেবে। ২০২৭ সালে নতুন অর্থায়ন লক্ষ্য বাস্তবায়নের জন্য ধাপে ধাপে হিসাব ও অগ্রগতি প্রকাশের ব্যবস্থা করা হলে এই প্রবণতা আরও স্পষ্ট হবে।
দ্বিতীয় সম্ভাবনা, কিছু দেশ ঐকমত্যের অপেক্ষা না করে নিজেদের মধ্যে জোট গড়ে তুলবে। ইউরোপীয় ইউনিয়ন এবং ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর মতো দেশগুলো জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে আলাদা চুক্তি করতে পারে। ২০২৭ ও ২০২৮ সালে এ ধরনের জ্বালানি ও কার্বন বাজারভিত্তিক জোট গড়ে উঠলে এই পথের সম্ভাবনা বাড়বে। তবে এতে আন্তর্জাতিক আলোচনায় বিভক্তিও বাড়তে পারে।
তৃতীয় সম্ভাবনা, COP ধীরে ধীরে গুরুত্ব হারাতে পারে। যুক্তরাষ্ট্রের দীর্ঘ অনুপস্থিতি ও ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বাড়লে বড় অর্থনীতিগুলো জাতিসংঘের কাঠামোর বাইরে দ্বিপক্ষীয় বাণিজ্য ও শিল্পনীতির মাধ্যমে জলবায়ু চুক্তি করতে পারে। আনতালিয়ার চূড়ান্ত সিদ্ধান্তে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার ভাষা বাদ পড়লে, অর্থায়নের রোডম্যাপ আটকে গেলে এবং ২০২৭ ও ২০২৮ সালের নতুন জাতীয় প্রতিশ্রুতিতে নিঃসরণ কমানোর যথেষ্ট অগ্রগতি না হলে এই আশঙ্কা আরও জোরালো হবে।
বাংলাদেশের জন্য কেন বিষয়টি গুরুত্বপূর্ণ?
এই তিনটি সম্ভাবনার কোনোটিই বাংলাদেশের জন্য নিছক তাত্ত্বিক আলোচনা নয়।
উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, শক্তিশালী ঘূর্ণিঝড়, নদীভাঙন এবং জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের অভ্যন্তরীণ স্থানান্তর, এসব সমস্যার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ব্যয় বাংলাদেশের নিজস্ব আর্থিক সক্ষমতার তুলনায় অনেক বেশি।
তবে COP-এর বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ ইতিমধ্যে কিছু অর্থায়নের সুযোগ পেয়েছে। গ্রিন ক্লাইমেট ফান্ডের বাংলাদেশবিষয়ক তথ্য অনুযায়ী, দেশের জন্য ১০টি অনুমোদিত প্রকল্পে মোট ৪৬৪ মিলিয়ন ডলার বরাদ্দ রয়েছে। এর পাশাপাশি প্রস্তুতিমূলক কার্যক্রমের জন্য ৬ দশমিক ১ মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন বা PKSF-এর মতো জাতীয় প্রতিষ্ঠানও অভিযোজন তহবিলে সরাসরি অর্থ পাওয়ার যোগ্যতা অর্জন করেছে।
এর বাইরে COP31-এ বাংলাদেশের জন্য নতুন একটি অর্থায়নের সুযোগ তৈরি হয়েছে। দেশটি Climate Investment Funds (CIF)-এর নতুন কর্মসূচি Accelerating Resilience Investments and Innovations for Sustainable Economies (ARISE)-এর প্রথম পর্যায়ের জন্য নির্বাচিত হয়েছে। এই কর্মসূচির আওতায় বাংলাদেশ বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকগুলোর সহযোগিতায় একটি বিনিয়োগ পরিকল্পনা তৈরি করে সর্বোচ্চ ৩০ মিলিয়ন ডলার অর্থায়নের আবেদন করতে পারবে। উপকূলীয় সুরক্ষা, জলবায়ু-সহনশীল কৃষি, অবকাঠামো উন্নয়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষা হতে পারে এই পরিকল্পনার অগ্রাধিকার। তবে অর্থায়ন এখনো নিশ্চিত নয়; এ জন্য প্রয়োজনীয় প্রকল্প পরিকল্পনা তৈরি ও অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিলের কার্যক্রম, বেলেম সম্মেলনে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার প্রতিশ্রুতি এবং বছরে ৩০০ বিলিয়ন ডলারের নতুন অর্থায়ন লক্ষ্য বাংলাদেশের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে। তবে এই অর্থের কতটুকু বাংলাদেশ পাবে এবং কীভাবে তা পাওয়া যাবে, তা এখনো নিশ্চিত নয়।
আনতালিয়া সম্মেলন এবং ২০২৭ ও ২০২৮ সালের আলোচনায় বাংলাদেশের পাঁচটি বিষয়ে জোর দেওয়া উচিত।
প্রথমত, বছরে ৩০০ বিলিয়ন ডলারের অর্থায়ন লক্ষ্যের জন্য স্পষ্ট সময়সূচি, বার্ষিক হিসাব এবং বাস্তবায়নের ধাপ প্রকাশ করতে হবে।
দ্বিতীয়ত, ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিল থেকে দ্রুত অর্থ ছাড়ের ব্যবস্থা করতে হবে।
তৃতীয়ত, অভিযোজনের অর্থায়ন ঋণের পরিবর্তে অনুদান হিসেবে দিতে হবে। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয় এমন দেশগুলোর ওপর নতুন ঋণের বোঝা চাপিয়ে সমস্যার সমাধান করা যায় না।
চতুর্থত, প্যারিস চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদের নিয়ম সহজ করতে হবে, যাতে স্বল্পোন্নত দেশগুলো অতিরিক্ত লেনদেন ব্যয়ের কারণে কার্বন বাজারের সুযোগ থেকে বঞ্চিত না হয়।
পঞ্চমত, দ্বিতীয় বৈশ্বিক অগ্রগতি পর্যালোচনায় এমন সিদ্ধান্ত নিতে হবে, যা দেশগুলোকে আরও শক্তিশালী জাতীয় জলবায়ু প্রতিশ্রুতি দিতে উৎসাহিত ও বাধ্য করবে।
তবে শুধু আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিলেই এসব দাবি আদায় হবে না। বাংলাদেশের প্রকৃত শক্তি তৈরি করতে হবে স্বল্পোন্নত দেশগুলোর জোট বা LDC Group এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জোট Climate Vulnerable Forum-এর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে।
একই সঙ্গে দেশের ভেতরেও প্রস্তুতি প্রয়োজন। অর্থ পাওয়ার সুযোগ তৈরি হলে যেন দ্রুত তা কাজে লাগানো যায়, সে জন্য বাস্তবসম্মত প্রকল্প, স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা এবং শক্তিশালী জবাবদিহির ব্যবস্থা গড়ে তুলতে হবে।
একত্রিশটি সম্মেলনে বিশ্ব জলবায়ু মোকাবিলার জন্য প্রয়োজনীয় অনেক নিয়ম, প্রতিষ্ঠান ও অর্থায়নের কাঠামো তৈরি করেছে। কিন্তু সেই কাঠামো এখনো বৈশ্বিক নিঃসরণ কমাতে পারেনি। আনতালিয়া সম্মেলন তাই আরেকটি ঘোষণা দেওয়ার বাইরে গিয়ে বাস্তব অগ্রগতি দেখানোর সুযোগ পেয়েছে। শেষ পর্যন্ত সম্মেলনের সাফল্য নির্ধারিত হবে ঘোষণার ভাষা দিয়ে নয়, বরং প্রতিশ্রুত প্রতিটি ডলার কখন, কীভাবে এবং কার মাধ্যমে পৌঁছাবে, তার স্পষ্ট সময়সূচি ও জবাবদিহি নিশ্চিত করার মধ্য দিয়ে।
লেখক: Hasan Rasif Safkat, Director of Programme, Genesis Foundation.
